চর মধুয়ায় বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে জসীম উদ্দীনের প্রার্থিতা ঘোষণা
খলিলুর রহমান রানা,পল্লী টিভি।
আসন্ন চর মধুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চরাঞ্চলজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন চর মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দীন।
সম্প্রতি ইউনিয়নের ঐতিহ্যবাহী সমিবাদ মোড় মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সুধীজন, মুরুব্বি ও সাধারণ মানুষের সমন্বয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জসীম উদ্দীন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক আশাবাদ ব্যক্ত করলে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে তাঁর প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির (বিএনপি) সাথে গভীরভাবে যুক্ত জসীম উদ্দীন রাজপথের আন্দোলন-সংগ্রামে একজন পরীক্ষিত সৈনিক। মাঠপর্যায়ে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে তিনি পরম দক্ষতার সাথে চর মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রার্থিতা প্রসঙ্গে মোঃ জসীম উদ্দীন বলেন, \"ছাত্রজীবন থেকেই মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে আসছি। অবহেলিত চর মধুয়ার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। স্থানীয় প্রবীণ ও সাধারণ মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। দলমত নির্বিশেষে চর মধুয়াকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আমি বদ্ধপরিকর।\"
তিনি আরও অঙ্গীকার করে বলেন, \"নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় হিসেবে গড়ে তুলব। চরাঞ্চলে কোনো অস্ত্রধারী সন্ত্রাসীর ঠাঁই হবে না এবং স্থানীয় বিরোধ স্থায়ীভাবে নিরসন করা হবে।\" একইসাথে তরুণদের জন্য ক্ষুদ্র কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন এই রাজনৈতিক নেতা।
স্থানীয় প্রবীণ ও সচেতন মহলের মতে, তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের কাছেই জসীম উদ্দীনের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর এই প্রার্থিতা ঘোষণায় তৃণমূলের বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও নতুন উদ্দীপনা ও উৎসাহের আমেজ তৈরি হয়েছে।